শিবচরে আগুনে পুড়ল প্রাথমিক বিদ্যালয়

মাদারীপুরের শিবচর উপজেলার আগুন লেগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলাসহ দ্বিতীয় তলার একটি কক্ষের কয়েকটি জানালা ও দুটি ফ্যান, বৈদ্যুতিক মিটার ও পয়োনিষ্কাশন পাইপ পুড়ে গেছে।

রবিবার মাঝরাতে উপজেলার বাশকান্দি ইউনিয়নের ১২৯নং মৃর্জারচর বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন...জমিয়তের জোট ছাড়ার কারণ জানালেন ফখরুল

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০১২ সালে বেসরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মৃর্জারচর বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দ্বিতীয় তলা ভবন নির্মাণ হয়।

বিদ্যালয়টিতে এলাকাবাসী বিভিন্ন কাজে ব্যবহার করতো। গত কয়েক দিন ধরে এলাকায় পাট কাটা শুরু হলে এলাকার লোকজন বিদ্যালয়ে পাটের আঁশ ছড়ানোসহ পাটকাঠি শুকাতে থাকে।

এছাড়াও কয়েকজন এলাকাবাসী ওই পাটকাঠি বিদ্যালয়ের নিচ তলায় মজুত রাখে। এ সময় কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বাড়ির লোক বিদ্যালয়ে আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে।

ততক্ষণে আগুনের লেলিহান শিখা শ্রেণিকক্ষটি ঘিরে ফেলে। এ সময় স্থানীয় লোকজন বালতিসহ নানা ধরনের পাত্রে পানি এনে নিক্ষেপ করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে বিদ্যালয় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার একটি কক্ষের জানালা ও দুইটি ফ্যান, বৈদ্যুতিক মিটার ও পয়োনিষ্কাশন পাইপ পুড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, এলাকার কয়েকজন যুবক ছেলেরা রাত ১টা/২টা পর্যন্ত এখানে আড্ডা দেয়। হয়তো ওদের কারণে আগুন লাগতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর মিয়া বলেন, রাতে আগুন লাগলে বিদ্যালয়ের একজন অভিভাবক শাহআলম ফোন দিয়ে আগুন লাগার বিষয়টি আমাকে জানায়। তখন আমি দ্রুত চলে আসি। ততক্ষণে বিদ্যালয় ভবন ও কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে।

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, গতরাতে এখানে আগুন লেগে বিদ্যালয়ের ভবনের নিচতলা ক্ষতি হয়েছে। আগুন লেগে ভবনের দেয়ালগুলো কালো হয়ে গেছে। আমাদের হেড মাস্টার ও বিদ্যালয়ের সভাপতি এলাকার লোকজনকে একাধিকবার না করার সত্ত্বেও এলাকাবাসী এখানে পাটকাঠি রাখে। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।