আম রপ্তানি বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আম রপ্তানি বাড়াতে সর্বাত্মক উদ্যোগ  নেওয়া হচ্ছে। তিনি গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে ‘আম রপ্তানি বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ড. আব্দুর রাজ্জাক বলেন, আম রপ্তানির বাধাগুলো চিহ্নিত করে তা নিরসনের কাজ চলছে। নিরাপদ আমের নিশ্চয়তা দিতে ৩টি ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। উৎপাদন থেকে শিপমেন্ট পর্যন্ত আম নিরাপদ রাখতে উত্তম কৃষিচর্চা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, আম রপ্তানি বাড়াতে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়ার কাজ চলছে। এতে আগামী বছর আম রপ্তানি বাড়বে। মন্ত্রী বলেন, এ বছর আমের ভালো ফলন হয়েছে। কিন্তু লকডাউন ও বাজার না থাকায় চাষিরা আম বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। তারা এবার আশানুরূপ দাম পাননি। সে জন্য, আমের আন্তর্জাতিক বাজারের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। যাতে চাষিরা আশানুরূপ দাম পায় ও আম চাষে আরও আগ্রহী হয়।