ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের হামলায় এক ট্রাকচালক, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পশুর হাটে দুপক্ষের মারামারিতে এক তরুণ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় প্রতিপক্ষের হামলায় রিপন মিয়া (৩০) নামে এক ট্রাকচালক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি গ্রামে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মল্লিকবাড়ি মধ্যপাড়ার আছমত আলীর ছেলে ড্রাম ট্রাকচালক রিপন মিয়া বাড়ি থেকে বের হন। পরে মধ্যরাতে বাড়ির পাশে নুরু মিয়ার মুদি দোকানের সামনে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী মহিউদ্দিনের ছেলে তারা মিয়ার (৪০) নেতৃত্বে কতিপয় লোক রিপনের ওপর হামলা করে। এতে রিপন মিয়া মাথা, নাক ও মুখে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।
নিহতের স্ত্রী জনিফা আক্তার দাবি করেন, প্রতিবেশী তারা মিয়া ও জামাল তার স্বামীকে মাথায় আঘাত করে খুন করেছে। ভালুকা মডেল থানার ওসি মাহামুদুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ব্রাহ্মণবাড়িয়া : কসবায় পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুপক্ষের মারামারিতে শাহ আলম (৩৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শাহ আলম কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগ্বিত-ার পর মারামারিতে গুরুতর আহত হন শাহ আলম।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরীফ শহরতলির শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কলেজ রোড শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিলেন। এ সময় লোকজন এগিয়ে গেলে তিনি নিজের নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার জনৈক সজীব তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই শরীফ মারা যান।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনিকে ধরতে অভিযান চলছে।