ভারতে উৎপাদিত টিকা যেন দ্রুত সময়ে বাংলাদেশকে দেওয়া হয় সে বিষয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেছেন, ‘ভারতে কভিড টিকার উৎপাদন বেড়েছে। আমাদের নিজ দেশেও চাহিদা বেড়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ভালো কিছু হবে।’
গতকাল রবিবার সকালে দিল্লি যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূন্যরেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দোরাইস্বামী বলেন, ‘আখাউড়া আগরতলা রেললাইনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কভিড পরিস্থিতির কারণে মাঝখানে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই রেলপথের কাজ শেষ হবে বলে আশা করি।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য বাড়ছে। এ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা জরুরি। এজন্য সড়ক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করছে। বর্তমান আখাউড়া থেকে আশুগঞ্জ চার লেন মহাসড়কের নির্মাণকাজ চলমান আছে। এ কাজগুলো শেষ হলে দুই দেশের অর্থবাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। এতে দুই দেশ লাভবান হবে।’