গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে গতকাল রবিবারও কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন নগরীর লক্ষ্মীপুরা এলাকার দস্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা। দাবি আদায়ে এদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ রাখেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, গতকাল সকালে কারখানার গেটে এসে জড়ো হয়ে ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি শুরু করেন স্টাইল ক্র্যাফট পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা তিন বছরের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা অবরোধ তুলে নেননি। ফলে অবরোধের কারণে সড়কের উভয় দিকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ফের বিক্ষোভকারীদের ওই সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫-১৬ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার জাকির হাসান জানান, শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের ব্যাপারে ঢাকায় বিজিএমইএর সঙ্গে কারখানা কর্র্তৃপক্ষের আলোচনা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। এ ঘটনায় ওই কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।