বেনাপোল-যশোর সড়কের নাভারন এলাকা থেকে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বোঝাই আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি, কসমেটিকস, তৈরি পোশাক ও কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছেন বিজিবি সদস্যরা। এ সময় একজনকে আটক করা হয়।
আটক ইসরাফিল ইসলাম (২২) বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের বাসিন্দা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ওষুধসহ তৈরি পোশাক ও বিভিন্ন ধরনের মালামাল বোঝাই একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি নাভারন এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান জব্দ করে।
পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০টি উন্নতমানের শাড়ি, ৯০০টি শেরওয়ানি, ২৫০ কৌটা জর্দা, ১৩৮ কেজি কারেন্ট জাল, ৫১ হাজার পাতা বিভিন্ন ধরনের ওষুধ, ১১৪৬ বোতল হোমিওপ্যাথি ওষুধ ও বিভিন্ন কোম্পানির কসমেটিকস জব্দ করা হয়।
এ ঘটনায় ইসরাফিল নামের এক ব্যক্তিকে আটক করে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।