মেহেরপুরে কর্মরত পুলিশের এক কনস্টেবল নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ পা্ওয়া গেছে।
বুধবার ঈদুল আজহার দিন ভোর সাড়ে ৪টার দিকে মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
ওই পুলিশ সদস্যের নাম সাইফুল ইসলাম (২৭)। তিনি কুষ্টিয়ার কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, ঘটনার সময় সাইফুল ফাঁড়ির মুল ভবনের বারান্দায় ডিউটি করছিলেন। তার একটু দূরে আরও একজন কনস্টেবল ছিলেন।
হঠাৎ গুলির শব্দে ফাঁড়ির অন্য সদস্যরা গিয়ে তাকে বারান্দার বাইরে পড়ে থাকতে দেখেন। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
সাইফুলের রাইফেলের গুলি থেকেই ঘটনাটি ঘটেছে। তবে, কীভাবে ঘটলো সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ওসি।