আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াডে ফিরেছেন ওলি রবিনসন। এ ছাড়া ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন হাসিব হামিদ।
গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রবিনসনের। কিন্তু এর পরপরই পুরোনো বর্ণবাদী ও লিঙ্গবৈষম্যমূলক টুইটের কারণে নিষিদ্ধ হন ২৭ বছর বয়সী এই পেসার।
আঙুলের চোট কাটিয়ে ইংল্যান্ড স্কোয়াডে ফিরেছেন বেন স্টোকসও। পুনরায় ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
গোড়ালির চোটের কারণে স্কোয়াডে নেই ক্রিস ওকস। কনুইয়ের চোট কাটিয়ে প্রস্তুত না হওয়ায় নেই জোফরা আর্চার।
দুই দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৪ আগস্ট, ট্রেন্ট ব্রিজে।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস, মার্ক উড।