করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে ভোলা-লক্ষ্মীপুর ফেরিতে ঢাকামুখী যাত্রীর ঢল নেমেছে। এদিকে, ফেরিতে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভোলার ইলিশা ফেরিঘাটে শুক্রবার সকাল থেকে শত শত যাত্রী জড়ো হতে শুরু করেন। কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ প্রথমে তাদের ফেরিতে উঠতে বাধা দিলেও পরে এসব যাত্রীদের ছেড়ে দেয়া হয়।
সকাল ১১ টায় পণ্যবাহী যানবাহনসহ ৫টি যাত্রীবাহী বাস নিয়ে ইলিশা ঘাটে আসে ফেরি “কনকচাঁপা”। এ সময় ঢাকা-চট্টগ্রাম লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে আসা কয়েক শত যাত্রী ঘাটে ভিড় করে। যাত্রীদের সামাল দিতে গিয়ে কোস্টগার্ড ও নৌ পুলিশকে হিমশিম খেতে দেখা যায়। একপর্যায়ে এসব যাত্রীদের ছেড়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এসব যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। সামাজিক দূরত্ব তো দূরের কথা,অনেক যাত্রীর মুখেই ছিল না মাস্ক। এতে করে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে শুক্রবার প্রশাসনের জোরালো তৎপরতার কারণে ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে কোনো ট্রলার ও স্পিডবোট ছাড়তে পারেনি।