বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল পর্যন্ত) বরিশাল বিভাগে করোনায় ও উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছে। এর আগে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৪৫০ জনের নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০দশমিক ৬৭ শতাংশ। এর আগে বৃহস্পতিবার ৪০১ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১৮৩জনের মধ্যে বরিশাল সর্বোচ্চ ১০৯ জন নিয়ে মোট ১১ হাজার ৯৫৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ৮ জন নিয়ে মোট ৩ হাজার ৪৪২ জন, ভোলা জেলায় নতুন ৪৯ জনসহ মোট ২ হাজার ৮২৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৯ জনসহ মোট ৩ হাজার ৮৫৫ জন, বরগুনা জেলায় নতুন ৪ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৮৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩২ জন।

বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ও ১৩ জনের উপসর্গ ছিল। পজিটিভ হয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি-এই তিন জেলায় দুজন করে ৬ জন এবং পটুয়াখালী জেলার ১ জন। 

আর উপসর্গে মারা যাওয়া১৩ জন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। নতুন ১৩ জনের মৃত্যু নিয়ে এই হাসপাতালে এ পর্যন্ত উপসর্গে  মারা গেছেন  ৭১০ জন।