বিশ্বে মৃত্যু সাড়ে ৪১ লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশে^ আরও ৮ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ৬৪৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬৯ হাজার ৮৯৭ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশে^ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৫৪ হাজার ৭৬৫ জন। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪১৮ জন।

গতকাল শুক্রবার ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশে^ শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ১৭২ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ১৭৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১২ লাখ ৯১ হাজার ৭০৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ৫০২ জন। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪ লাখ ৬০ হাজার ৩০৪ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ১৩৪। এ ছাড়া এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৯২ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৫৯ হাজার ৭১১ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোয় রয়েছে রাশিয়া,ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।