দলের স্থায়ী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় খালেদা জিয়ার

ঈদুল আজহার দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত স্টাফদের সঙ্গে কাটিয়েছেন। তিনি একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন। সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার এক স্বজন বলেন, ‘করোনাভাইরাসের কারণে এবার প্রথমবারের মতো পরিবারের সদস্যদের ছাড়াই তিনি ব্যক্তিগত স্টাফদের সঙ্গে ঈদের দিন কাটিয়েছেন। তারাই এবার রান্না করেছেন। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার পরিবারসহ দেশের বাইরে থাকায় এবার রান্না করা খাবার নিয়ে যেতে পারেননি। এর আগে সকালে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তার স্ত্রী ও নাতনি জাইমা রহমানের সঙ্গে মোবাইল ফোনে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন। এ ছাড়া ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী ও তার দুই মেয়ের সঙ্গে কথা বলেন। রাতে স্থায়ী কমিটির সদস্যরা গেলে তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন। কোরবানির মাংস এতিমখানায় পাঠানো হয়েছে।’

জ¦র নেই খালেদা জিয়ার : বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, ‘টিকা নেওয়ার কারণে চেয়ারপারসনের জ্বর এসেছিল। সে জ¦র ঈদের দিন পর্যন্ত ছিল। এখন আর জ্বর নেই। আর তার শারীরিক অবস্থা আগের মতোই আছে। কোনো ধরনের অবনতি হয়নি।’

এদিকে ঈদের দিন রাত ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। ঘণ্টাখানেক ঈদের শুভেচ্ছাবিনিময় শেষে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘টিকার কারণে চেয়ারপারসনের জ্বর এসেছে।’

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন।’

৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসাধীন ছিলেন। ঈদের আগে সোমবার খালেদা জিয়া রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিতে যান। বাসায় গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতারা। পরে হাসপাতালের ভেতরে প্রবেশ না করে গাড়িতে বসেই টিকা নেন খালেদা জিয়া।