টোকিও অলিম্পিক: মিশ্র দ্বৈত থেকে বিদায় রোমান-দিয়া জুটির

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে টোকিও অলিম্পিকের আর্চারির মিশ্র রিকার্ভ বিভাগ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

১৬তম দল হিসেবে বাছাইপর্ব উতরেছিল বাংলাদেশ। অন্যদিকে আর্চারি বিশ্বের অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া মূল প্রতিযোগিতায় নামে শীর্ষ দল হিসেবে। লড়াইটাও একপেশে ভাবে জিতে নিল তারা।

শনিবার ইউমেনোশিমা ফিল্ডে কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টে হেরে যাওয়া রোমান-দিয়া জুটি দ্বিতীয় সেটে হারে ৩৫-৩৩ ব্যবধানে। আর তৃতীয় সেটে লড়াই করে হারে ৩৯-৩৮ পয়েন্টে।

টোকিও অলিম্পিকে রোমান-দিয়ার উপরে প্রত্যাশা রেখেছে বাংলাদেশ। তাদের মিশ্র দ্বৈতের শুরুটা ভালো হলো না এখনও দুজনের ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি আছে।

অলিম্পিক আর্চারিতে পুরুষ এককে মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭.৪৮ মিনিটে টম হলের মুখোমুখি হবে রোমান সানা। অন্যদিকে প্রমীলা এককে বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় ৮.১৪ মিনিটে দিয়া সিদ্দীকি মুখোমুখি হবে কারিনা দিওমিন্সকায়া।