দেশে ফেইসবুকের বিকল্প ‘যোগাযোগ’ আসছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের বিকল্প হিসেবে দেশে ‘যোগাযোগ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে নির্মাণাধীন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা তথ্য-উপাত্ত ও যোগাযোগের জন্য নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে। উদ্যোক্তাদের বিদেশনির্ভর হতে হবে না।

ফেইসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজিত এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাসের দ্বিতীয় সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে গতকাল শনিবার নতুন প্ল্যাটফর্ম তৈরির কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। আইসিটি বিভাগের উদ্যোগে ভিডিও কনফারেন্সের প্ল্যাটফর্ম জুমের বিকল্প ‘বৈঠক’ তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। কেবল ফেইসবুক বা জুমের বিকল্প নয়, নিজস্ব যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘আলাপন’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। পাশাপাশি স্ট্রিমিংসহ নিজেদের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন জুনাইদ আহমেদ।

‘বৈঠকে’ বর্তমানে একসঙ্গে ১০০ জন ভিডিও বৈঠক করতে পারলেও এখন এর সক্ষমতা বাড়িয়ে ৩০০-এর অধিক করার প্রচেষ্টা হাতে নিয়েছেন আইসিটি বিভাগের নিজস্ব প্রোগ্রামাররা। ফেইসবুকের বিকল্প হিসেবে ‘যোগাযোগ’ তৈরির পাশাপাশি ইউটিউবের মতো একটি ভিডিও স্ট্রিমিং তৈরির বিষয়েও আভাস দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বলেছেন, এখন ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে সেখানে ব্যাপকভাবে অনেক বিজ্ঞাপন আমাদের উদ্যোক্তারা দিয়ে থাকেন। যেখানে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, সরকারের রাজস্ব আয় হচ্ছে না। সেজন্য আমারা একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম  তৈরি করার উদ্যোগ নিয়েছি। আশা করছি, সেটিও আমরা অল্পদিনের মধ্যে তৈরি করতে পারব।

২০১৯ সালে গোপনীয়তা রক্ষা করে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজেদের মধ্যে যোগাযোগ ও ফাইল আদান-প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আলাপন’ নামে যে দেশীয় ম্যাসেজিং অ্যাপ্লিকেশন (অ্যাপ) উদ্বোধন করেন এটি এখন সবার জন্যই উন্মুক্ত করে  দেওয়ার উদ্যোগ নিচ্ছে আইসিটি বিভাগ। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২এর (ইনফো-সরকার) উদ্যোগ আলাপন অ্যাপ বাস্তবায়ন করেছে বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।

নতুন প্ল্যাটফর্ম ‘যোগাযোগ’ ব্যবহার করে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম উপকৃত হবে বলে অনুষ্ঠানে জানান আইসিটি প্রতিমন্ত্রী। ঝুঁকি নেওয়ার সাহস থাকাই উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। সে সঙ্গে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

ভার্চুয়াল অনুষ্ঠানে আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ এবং উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু ও সভাপতি নাসিমা আক্তার যুক্ত ছিলেন।