যুক্তরাষ্ট্রের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে চীন। দেশটির সাত নাগরিক এবং প্রতিষ্ঠানের ওপর গত শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় পেইচিং। আর কয়েক দিন পরেই বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার চীন সফরের কথা রয়েছে। তার আগেই নতুন করে দু’দেশের মধ্যে উত্তেজনা শুরু হলো।
চীনে মানবাধিকার লঙ্ঘন, বাণিজ্য, সাইবার নিরাপত্তা এবং করোনাভাইরাসের উৎস নিয়ে পেইচিং এবং ওয়াশিংটনের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ আরেক পক্ষের ওপর এর আগেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
হংকংয়ে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে। গত সপ্তাহে এ বিষয়ে নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সরকারি এজেন্সি ব্যবসা প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের এ বিষয়ে সতর্ক করেছে যে, হংকংয়ের নতুন নিরাপত্তা আইনের কারণে তারা ঝুঁকির মুখে পড়তে পারে। এক বছর আগে হংকংয়ে ওই আইন পাস হয়।
শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভিত্তিহীনভাবে হংকংয়ের ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক বিষয়গুলো এবং আন্তর্জাতিক আইন ভয়াবহভাবে লঙ্ঘন করা হচ্ছে।
এর প্রতিক্রিয়ায় চীন বলছে, তারা যুক্তরাষ্ট্রের সাত নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্যমন্ত্রী উইলবার রোজও রয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে দায়িত্ব পালন করেছেন।