ছেলের করোনা শুনেই মা মরলেন মৃত্যুর খবরে বাবাও

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদান্দনপুর গ্রামে গত বুধবার ঈদের দিন ছেলের করোনার খবর শুনে প্রথমে স্ট্রোক করে মারা যান মা রাবেয়া বেগম। গতকাল শনিবার সকালে ঢাকায় ছেলের মৃত্যু হয়। এই খবর শুনে দুপুরে বাবা হাজী আব্দুল মান্নান সিদ্দিকী স্ট্রোক করে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

এ বিষয়ে সয়দাবাদ ইউনিয়নের সদস্য খোরশেদ আলম খলিল জানান, প্রায় এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল হাজী শহিদুল ইসলাম স্বপন (৬৫)। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এ খবর শুনে ঈদের দিন বুধবার দুপুরে তার মা রাবেয়া বেগম (৯৫) স্ট্রোক করে মারা যান। অপরদিকে শনিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা মারা যান। এ খবরে এদিন দুপুরে তার বাবা হাজী আব্দুল মান্নান সিদ্দিকীও (১০৫) স্ট্রোক করে মারা যান। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে এদিন বিকেলে বাবা-ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এছাড়া ঈদের দিন বুধবার বিকেলে মা রাবেয়া বেগমের জানাজা শেষে ওই পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাদের তিনজনেরই জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।