করোনা: চট্টগ্রামে আরও ১১ মৃত্যু, শনাক্ত ৮০১

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে তাদের মত্যু হয়।

রবিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ।

শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৬৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৩২ জন।

গত একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন শহরের, অপর সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৩০৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩০১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ছয় ব্যক্তির মৃত্যু হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৫ হাজার ৩৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৮৫ জন।