কমিটির ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটি সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ভাবমূর্তি নষ্ট করেছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত কমিটি। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সংবাদ সম্মেলন করার কথা ছিল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। প্রশাসনের অনুরোধে এবং শান্তি বজায় রাখার স্বার্থে আমরা আজ এই চাইনিজ রেস্তোরাঁয় আয়োজন করেছি। নতুন কমিটির সদস্যদের বিরুদ্ধে চরিত্র হননের অভিযোগ এনে তারা বলেন, যারা অভিযোগ করেছেন তাদের অধিকাংশই বিএনপি এবং জামায়াত থেকে আসা নেতাকর্মী।

এ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নবগঠিত কমিটির সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন। পরে সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।