পদ্মা সেতুর পিলারে ধাক্কা

ফেরির দুই চালককে দায়ী করে প্রতিবেদন

পদ্মা সেতুর পিলারে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগার ঘটনায় দুই চালককে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি।

গতকাল রবিবার প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আজ (গতকাল) দুপুরে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। দুর্ঘটনার জন্য ফেরির মাস্টার ও সুকানিকে দায়ী করা হয়েছে।’

গত শুক্রবার সকালে ফেরি শাহজালাল মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৭ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরির বেশ কয়েক যাত্রী আহত হন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ফেরির মাস্টার আবদুর রহমানকে বরখাস্ত এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। এরপর সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের শিবচর থানায় জিডি করলে মাস্টার আবদুর রহমানকে হেফাজতে নেয় পুলিশ।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামানের নেতৃত্বে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও ফেরিতে কর্মরত ছয়জনের বক্তব্য নেন। পরে তারা পদ্মা সেতুর ১৭ নম্বর পিলার পরিদর্শন শেষে খসড়া প্রতিবেদন তৈরি করেন।

কমিটির প্রধান আশিকুজ্জামান জানান, চেয়ারম্যানের কাছে তারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এতে ফেরির মাস্টার আবদুর রহমান ও সুকানি সাইফুল ইসলামকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তাদের অসতর্কতা ও অদক্ষতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।

সেতুর নিচ দিয়ে প্রতিদিন ফেরির ১০০টির মতো ট্রিপ হয়। এর মধ্যে কোনো কারণে একটি দুর্ঘটনা ঘটতেই পারে। এজন্যই দুর্ঘটনা এড়াতে তিনটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো, বর্ষার সময় এখানে প্রচণ্ড স্রোত থাকে। এ সময়ে দুর্বল ফেরিগুলো ব্যবহার না করার জন্য বলা হয়েছে। পদ্মা সেতু জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষার জন্য শিমুলিয়া-বাংলাবাজার ফেরি রুট পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। বাংলাবাজার ঘাটটি স্থানান্তর করে মাঝিরকান্দি নিয়ে আসা অথবা শিমুলিয়া ঘাটটি স্থানান্তর করে পুরনো মাওয়া ঘাটে নিয়ে যাওয়া এবং সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল না করার সুপারিশ করা হয়েছে।

পদ্মা সেতুর পিলারে পাইলক্যাপ করা রয়েছে। এরপরও পিলারের চারপাশ রাবারের পেন্ডার বা রাবার দিয়ে মুড়িয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এতে কোনো কারণে নৌযানের ধাক্কা লাগলেও পিলার ক্ষতিগ্রস্ত হবে না বলে জানান তিনি।