প্রিন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বিসিবি

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে জিম্বাবুয়ে সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ৪৪ বছর বয়সীর কাজে বেশ সন্তুষ্ট দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী বিসিবি।

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বিসিবি। সংস্থাটির ক্রিকেট অপরেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, ‘আমরা তার (প্রিন্স) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা বলছি। আশা করছি দ্রুতই আমরা নতুন চুক্তিতে যেতে পারব।’

যোগ করেন, ‘এই মুহূর্তে নতুন ব্যাটিং পরামর্শক পাওয়া কঠিন। তা ছাড়া প্রিন্স জিম্বাবুয়েতে দলের সঙ্গে ভালো কাজ করেছে। তাই আমরা তাকে আমাদের কোচিং সেটআপে রেখে দিতে চাই।’

জুনের শুরুতে প্রিন্সকে ব্যাটিং পরামর্শক ও রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। হেরাথের চুক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই ছিল। প্রিন্সের সঙ্গে শুধু জিম্বাবুয়ে সফরের জন্যই চুক্তি করেছিল বিসিবি।

বাংলাদেশের কোচিং স্টাফে প্রিন্স তৃতীয় সদস্য। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুকও দক্ষিণ আফ্রিকান।

বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আগে প্রিন্স দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের অস্থায়ী প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। দেশটির ঘরোয়া শীর্ষ দল ক্যাপ কোবরার প্রধান কোচের দায়িত্বও সামলেছেন তিনি।