কুমিল্লার বুড়িচংয়ে শাহিনুর আক্তার (৪০) নামে এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আনসার বাহিনীর সদস্য জাহাঙ্গীর আলমকে (৪৫) আটক করেছে পুলিশ। দাম্পত্য কলহের এই হত্যা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (২৬ জুলাই) ভোরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ দিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদেকপুর উত্তর পাড়া গ্রামের আবদুল আওয়াল মাস্টারের বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে রবিউল একাদশ শ্রেণি ও ছোট ছেলে সাকিব নবম শ্রেণির শিক্ষার্থী ।
জাহাঙ্গীর জেলার বরুড়া উপজেলায় আনসার বাহিনীতে কর্মরত আছেন। ঈদের পরদিন বৃহস্পতিবার রাতে ছুটিতে বাড়িতে আসেন তিনি। সোমবার ভোর সাড়ে ৪টায় দাম্পত্য কলহের জের ধরে লাঠি দিয়ে শাহিনুর আক্তারের মাথায় আঘাত করে জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা জাহাঙ্গীরের বাড়ির সামনে হাজির হয়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক জাহাঙ্গীরকে আটক করে।
বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, খবর পেয়ে ভোর ৬টায় ঘটনাস্থলে যাই। এ সময় বিছানার ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আনসার সদস্য জাহাঙ্গীরকে আটক করে থানায় আনা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুই ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।