অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ টি-টোয়েন্টিই শুরু হবে সন্ধ্যা ৬টায়। কদিন আগে সিরিজের সূচি চূড়ান্ত হলেও বাকি ছিল প্রতিটি ম্যাচ শুরুর সময়। গতকাল তা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘এটা আগেই চূড়ান্ত ছিলÑ সন্ধ্যা ৬টায় শুরু হবে। এখনো সেটাই চূড়ান্ত আছে। চাইলে দুই বোর্ড আলোচনা করে পরিবর্তন করতে পারবে।’ দু’দলের লড়াই শুরু হবে ৩ আগস্ট। পরের চার ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। গত রাতে ব্রিজটাউনে উইন্ডিজের সঙ্গে শেষ ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া। চার্টার্ড বিমানে ঢাকা আসবে তারা ২৯ জুলাই। তিন দিনের হোটেল রুম কোয়ারেন্টাইন পালন করবে। এরপর ১ আগস্ট মিরপুরে শুরু অনুশীলন।