ছোটপর্দায় নজর কেড়েছেন নির্মাতা ভিকি জাহেদ। কম কাজ করা এই নির্মাতা এবার ঈদে ৫টি নাটক পরিচালনা করেছেন। সেগুলো এখন আলোচনায়। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ঈদের পাঁচ...
আমি খুব কম কাজ করি। কোনো উৎসবে সর্বোচ্চ দুটি কাজ প্রচারিত হয় আমার। কিন্তু এবার ঈদুল আজহায় একসঙ্গে ৫টি কাজ প্রচারিত হয়েছে। যদিও আমার অনেক সহকর্মী এরচেয়ে অনেক বেশি নাটক নির্মাণ করেন এক একটি উৎসবে। তবে এটা আমার জন্য বিশাল কষ্টকর ও চ্যালেঞ্জিং ছিল। তবে দর্শক ও প্রযোজকদের আগ্রহে কাজগুলো করেই ফেললাম। যদিও এ ঈদের জন্য ৫টি কাজ করিনি। গত রোজার ঈদের জন্য নির্মাণ করেছিলাম ‘কায়কোবাদ’ ও ‘দ্বিতীয় সূচনা’ নাটক দুটি। কিন্তু প্রযোজনা সংস্থা থেকে এ ঈদে প্রচারের সিদ্ধান্ত নেয়। বাকি ‘চিরকাল আজ’, ‘প্রিয় আদনান’ ও ‘পুনর্জন্ম’ নাটক তিনটি করেছি এ ঈদের কথা ভেবেই।
অভিজ্ঞতা...
কাজের অভিজ্ঞতা মিশ্র। কারণ প্রতিটি নাটকের জন্য তিন দিন শ্যুটিং করতে হয়েছে। লকডাউনের ফাঁকে ফাঁকে কাজগুলো করেছি। এ ক্ষেত্রে আমার আর্টিস্ট ও টিম খুব সহায়তা করেছে। আর্টিস্টরা লকডাউন খোলার সঙ্গে সঙ্গে প্রথম সিডিউলটাই আমাকে দিয়েছে, এজন্য কাজগুলো সম্পন্ন করতে পেরেছি। এছাড়া আমার ডিওপি, এডি, এডিটর, কস্টিউম ও মেকাপ আর্টিস্ট অসম্ভব কষ্ট করেছে। ‘চিরকাল আজ’ নাটকের স্ক্রিপ্ট লিখতেই এক মাস সময় লেগেছে আমার। আমার কাজের ধরন হলো, প্রথমে একটি টপিক সিলেক্ট করি। পরে সেই বিষয়ে গবেষণা করে গল্প সাজাই। যখন ভাবলাম ‘অ্যামনেশিয়া (কিছুক্ষণ পর পর স্মৃতি ভুলে যাওয়া রোগ)’ নিয়ে কাজ করব তখন গবেষণা করতে গিয়ে ইংল্যান্ডের ক্লাইভ ওয়েরিং নামের এক ব্যক্তিকে পাই। যে মাত্র কয়েক সেকেন্ড পর পর আগের স্মৃতি ভুলে যায়। এক কথায় মৃত মানুষের মতোই তার জীবন। এই গল্পটি যে দরদ দিয়ে আমি করতে চেয়েছিলাম তাতে শিল্পী হিসেবে নিশো ভাই, মেহজাবিনের মধ্যেও সেই দরদ না দেখতে পেলে কাজটা এই পর্যায়ে আসত না।
দর্শক সাড়া...
একসঙ্গে এতগুলো কাজ প্রচারের অন্য ধরনের চাপ থাকে। দর্শক ভাগ হয়ে যায়। তাই আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কাজ যেহেতু বেশি করতে হচ্ছে তাই এমন গল্প বলব যেগুলোর কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। ‘কায়কোবাদ’ হরর সাইকোলজিক্যাল ফিকশন। ‘পুনর্জন্ম (নিশো, মেহজাবিন চৌধুরী)’ হিচককের থ্রিলার ধাঁচের। ‘চিরকাল আজ’ ট্র্যাজিক রোমান্টিক ঘরানার। ‘দ্বিতীয় সূজনা’ সমসাময়িক সম্পর্কের গল্প। বয়সের সঙ্গে সঙ্গে সম্পর্কগুলোও যে আলাদাভাবে ধরা দেয় সেটি দেখিয়েছি। আর ‘প্রিয় আদনান’ সামাজিক গল্প নিয়ে। সঠিক জীবনসঙ্গী নির্বাচন করা জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখানো হয়েছে। এজন্য দর্শক প্রতিটি নাটককেই দারুণভাবে গ্রহণ করেছে। যদিও এ ঈদের সব কাজের মধ্যে ‘চিরকাল আজ’ নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। কিন্তু ‘দ্বিতীয় সূচনা’ বাদে ‘প্রিয় আদনান (তাহসান খান, সাবিলা নূর ও সালহা সাদিয়া)’, ‘কায়কোবাদ (আফরান নিশো, তানজিন তিশা)’ ও ‘পুনর্জন্ম (নিশো, মেহজাবিন)’-এর সাড়াও কম নয়।