যুক্তরাষ্ট্রে নজরুল সম্মেলনে কাথ্যাকিয়া

উত্তর আমেরিকা নজরুল সম্মেলন কমিটির তত্ত্বাবধানে ১৮তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)। যেখানে পারফর্ম করবে বাংলাদেশের নৃত্যদল কাথ্যাকিয়া। ৩০ জুলাই থেকে ১ আগস্ট অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্চুয়াল মিডিয়ায়। সম্মেলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গীত এবং কাব্যের সমন্বয়ে দলটি পরিবেশন করবে নৃত্য প্রযোজনা ‘চিরন্তন’। এ প্রযোজনায় নৃত্য পরিবেশন করবেন তরুণ প্রজন্মের প্রতিভাবান নৃত্যশিল্পী জুয়েইরিয়াহ মৌলি, আরিফুল ইসলাম অর্ণব, আনন্দিতা খান এবং হাসান ইশতিয়াক ইমরান। ভিডিও সম্পাদনায় আছেন কামরুল হাসান সাব্বির রবিন। এই আয়োজনে বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন হাসান ইমাম, লায়লা হাসান, কাবেরি দাশ, ঋতুরাজ বৈদ্য প্রমুখ। কাথ্যাকিয়া দলের প্রধান হাসান ইশতিয়াক ইমরান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত শিল্পীদের সঙ্গে আমাদের মতো তরুণ একটি দল এক প্ল্যাটফর্মে পারফর্ম করব, এটা খুবই সম্মানের। চেষ্টা করেছি আমাদের নাচের মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতিকে সম্মানের সঙ্গে উপস্থাপন করতে। এই করোনা কালেও এমন দারুণ একটি আয়োজনের জন্য কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।’