ডাসার, মধ্যনগর ও ঈদগাঁও নতুন উপজেলা হলো

উপজেলা করার ক্রাইটেরিয়া (মানদ-) পূরণ না করলেও সরকার দেশে আরও তিনটি নতুন উপজেলা অনুমোদন দিয়েছে। নতুন তিনটিসহ মোট উপজেলা হলো ৪৯৫টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন তিন উপজেলা অনুমোদন পেয়েছে। ভার্চুয়াল পদ্ধতিতে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং কমিটির অন্য সদস্যরা সচিবালয় থেকে এ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নিকার বৈঠকে কক্সবাজারের সদরের ঈদগাঁও, মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এলাকাবাসীর দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে শান্তিগঞ্জ নামকরণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মূল উপজেলা থেকে দুর্গম এলাকায় এসব থানা হওয়াতে এলাকার লোকজনের অসুবিধা হচ্ছিল। এ কারণে সব ক্রাইটেরিয়া পূরণ না করার পরও এসব থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে যাতে কোনো নতুন প্রস্তাব না আনা হয়।

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ নাককরণের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া মাদারীপুর জেলার শিবচর পৌরসভার সীমানা সম্প্রসারণ, ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা সম্প্রসারণ ও একই সঙ্গে সংকোচন এবং সিলেট সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ করার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এর আগে সর্বশেষ নিকার বৈঠক হয় ২০১৯ সালের ২১ অক্টোবর। ওই বৈঠকে ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার। ওই বৈঠকের নীতিগত সিদ্ধান্ত ছিল বিভাগীয় সদর দপ্তরই হবে সিটি করপোরেশন। ফরিদপুর এখনো বিভাগীয় শহর হয়নি। যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি করপোরেশন কার্যকর হবে।

প্রশাসনিক কোনো ইউনিট স্থাপন বা সংস্কারের জন্য দেশের সর্বোচ্চ ফোরাম হচ্ছে নিকার। সরকার গঠনের পরই সাধারণত সরকারপ্রধানের নেতৃত্বে নিকার গঠন করা হয়। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় এ নিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগ, সিটি করপোরেশন, জেলা, উপজেলা, থানা, পুলিশ ফাঁড়ি এসব গঠন বা সংস্কারের জন্য এ কমিটির অনুমোদন বাধ্যতামূলক। শুধু প্রশাসনিক বিষয়ই নয়, স্থানীয় রাজনীতিতে এসব প্রশাসনিক ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।