‘বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিতে উকিল নোটিস

দেশি কোম্পানি গ্লোব বায়োটেকের করোনাভাইরাসরোধী ‘বঙ্গভ্যাক্স’র ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিতে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) পরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। নোটিসপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে নোটিসে। একই সঙ্গে ক্লিনিক্যাল ট্রায়ালের আগে ‘বঙ্গভ্যাক্স’ টিকা বানর বা শিম্পাঞ্জির শরীরে প্রয়োগ করে তা পরীক্ষা করার শর্ত দিয়ে গ্লোব বায়োটেককে বিএমআরসির দেওয়া চিঠি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে নোটিসে। ব্যবস্থা না নিলে উচ্চ আদালতের দারস্থ হবেন বলে জানান নোটিসদাতা আইনজীবী।

নোটিসের বরাতে অ্যাডভোকেট সাত্তার পালোয়ান বলেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়ে গত ১৫ অক্টোবর সারা বিশ্বে সাড়া ফেলেছিল। ওষুধ প্রশাসন অধিদপ্তর গত ২৮ ডিসেম্বর গ্লোব বায়োটেকের উদ্ভাবিত ‘বঙ্গভ্যাক্স’ অনুমোদন দেয়। এরপর মানবদেহে পরীক্ষামূলক ক্লিনিক্যাল ট্রায়াল পর্ব ১ এবং ২-এর জন্য বিএমআরসির কাছে গত ১৭ জানুয়ারি আবেদন করা হয়। বিএমআরসি গত ৯ ফেব্রুয়ারি গ্লোব বায়োটেককে কিছু সংশোধন বিয়োজন করতে চিঠি দিলে ১৭ ফেব্রুয়ারি পুনরায় সংশোধিত গবেষণা ও প্রয়োজনীয় নথি জমা দেয় গ্লোব বায়োটেক। আইনজীবী বলেন, বিএমআরসি এ বিষয়ে দীর্ঘ পাঁচ মাস নীরব থেকে বাংলাদেশি ভ্যাকসিনটি পরীক্ষা চালানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি। সবশেষ গত ২২ জুন বিএমআরসি চিঠির মাধ্যমে গ্লোব বায়োটেককে জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির ট্রায়াল করতে হবে এবং তবেই ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অনুমোদনের বিষয়ে পরবর্তী চিন্তাভাবনা করবে তারা। কিন্তু বানর বা শিম্পাঞ্জির শরীরে পরীক্ষা চালাতে হলে থার্ড পার্টি রিসার্চ ল্যাবের প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো  গবেষণা ল্যাব নেই। ইতিমধ্যে গ্লোব বায়োটেক বানর এবং শিম্পাঞ্জির শরীরে পরীক্ষা চালানোর জন্য ভারত এবং চীনের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বললেও তারা বলেছে, এ মুহূর্তে তাদের হাতে সময় নেই এবং এ বিষয়ে আবেদন করতে হবে সরকারের মাধ্যমে। এটি খুবই দীর্ঘ ও সময় সাপেক্ষ।