টাঙ্গাইলের মির্জাপুরে কঠোর লকডাউনে বিয়ের আয়োজন করায় বরপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত।মঙ্গলবার দুপুরে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ছিট মাহমুদপুর গ্রামে বউভাতের অনুষ্ঠানে গিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জানা গেছে, মঙ্গলবার ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিবের বিবাহোত্তর বউভাতের অনুষ্ঠান লোকসমাগম হয়। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। এ সময় বরের বাবা আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মুহূর্তের মধ্যে বিয়েবাড়িতে আগত সবাই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানান, করোনায় দেশে মহামারী আকার ধারণ করেছে। সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে, যাতে লোকজনের সমাগম না হয়। সেখানে সামাজিক দূরত্ব বজায় না রেখে সরকারি আদেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। বিয়ে অনুষ্ঠান বন্ধ করে বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।