নরসিংদীর মনোহরদীতে ঈদ-পরবর্তী নৌ-ভ্রমণের চাঁদার টাকা ফেরত চাওয়ায় আকরাম হোসেন শ্রাবণ (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। গত সোমবার রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের একদুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অন্যদিকে কুমিল্লা, সিরাজগঞ্জ ও চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক ঘটনায় আরও চার যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
নরসিংদী : নিহত শ্রাবণ উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের কামার আলগী এলাকার মো. শাহজাহানের ছেলে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শ্রাবণের বাবা দুজনের নাম উল্লেখ করে এবং চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা রেখে মনোহরদী থানায় একটি মামলা করেন। গ্রেপ্তাররা হলো হৃদয় মিয়া (১৮) ও মৃদুল মিয়া (১৬)।
জানা যায়, গত রবিবার হৃদয়ের নেতৃত্বে একদুয়ারিয়া এলাকার ৭৩ জন ছেলে পার্শ্ববর্তী শিবপুর উপজেলার লাখপুর শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণে যায়। এজন্য সবার কাছ থেকে ৫০০ করে টাকা নেওয়া হয়। ‘লকডাউনের’ মধ্যে নৌকা ভ্রমণ করায় ভ্রাম্যমাণ আদালত নৌকাটি আটক করে এবং ৩২ জনকে আর্থিক জরিমানা করে। নৌকা ভ্রমণ প- হওয়ায় বায়েজিদ ও ইয়াছিন নামে দুজন শ্রাবণের মাধ্যমে হৃদয়ের কাছে চাঁদা ও জরিমানার টাকা ফেরত চায়। পরে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হৃদয়সহ আরও চার-পাঁচজন তাদের ওপর হামলা চালায়।
কুমিল্লা : জেলার লালমাইয়ে বসতঘর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে গতকাল সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন ইছাপুরা গ্রামের হায়াতুন্নবী শরীফ ও ফয়েজ আহমেদ। শরীফ স্থানীয় মুদি দোকানের মালিক ছিলেন আর ফয়েজ তার কর্মচারী। লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, সোমবার শরীফের পরিবারের সবাই তার বোনের বাড়িতে বেড়াতে যায়। গতকাল সকালে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দুজনের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
সিরাজগঞ্জ : জেলার শাহজাদপুর উপজেলার পৌর সদরের পুকুরপাড় মহল্লা থেকে গত সোমবার রাত পৌনে ৮টার দিকে পুলিশ সোহেল রানা (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তিনি ওই মহল্লার মৃত আসাব আলীর ছেলে। তিনি মাদকাসক্ত ও মানসিক রোগাক্রান্ত ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
তবে নিহতের মা রুমি বেগম (৬০) জানান, রবিবার সন্ধ্যায় তার ছেলেকে তিনজন মিলে মারধর করে। এ কারণে তার ছেলের মৃত্যু হয়েছে।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ মুসা (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারের খাজা গাউছিয়া মার্কেটসংলগ্ন একটি কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুসা পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক এবং মিরসরাই উপজেলার কালা মিয়া হাজি বাড়ির ফারুক আহমদের ছেলে। ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।’