স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

৪২তম বিসিএসেই আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ

করোনা সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। চলমান ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে নবম গ্রেডে সহকারী সার্জন হিসেবে এসব চিকিৎসক নিয়োগ পাবেন। এর আগে গত বছরের নভেম্বরে বিশেষ ওই বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ওই বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন নিয়োগের কথা বলা হয়েছিল। এখন এর অধীনেই আরও দুই হাজার নতুন পদ তৈরির সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কডিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে রাজস্ব খাতে স্থায়ীভাবে এই ২ হাজার পদ সৃষ্টির কথা বলা হয়।

এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে কভিড-১৯ রোগীদের চিকিৎসা ও সংকট মোকাবিলায় দেশে চার হাজার চিকিৎসক এবং চার হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ সরকারি কর্মকমিশন। পরে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই প্রিলিমিনারি পরীক্ষায় ২৭ হাজার ৫৭৩ পরীক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে ৬ হাজার ২২ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাদের মধ্য থেকেই এখন চার হাজার জন সরকারি চিকিৎসক হিসেবে নিয়োগ পাবেন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৬ জুন শুরু করা হলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২২ জুন তা স্থগিত করা হয়। তবে আগামী ১০ আগস্ট থেকে স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা আবার শুরু হওয়ার কথা রয়েছে।