লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৫৭ শরণার্থীর মৃত্যু

লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মুখপাত্র সাফা মেহলি জানান, গত রবিবার শরণার্থীদের বহনকারী ওই নৌকাটি খুমসের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে যাত্রা করেছিল।

তিনি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। মেহলি নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনার পর ওই নৌকা থেকে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শরণার্থীরা নাইজেরিয়া, ঘানা এবং গাম্বিয়ার নাগরিক। যাত্রার পর ইঞ্জিনের ত্রুটির কারণে নৌকাটি বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার কারণে এটি উল্টে যায় এবং ডুবে যাওয়ার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক টুইট বার্তায় মেহলি জানিয়েছেন, স্থানীয় জেলে এবং উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা জানিয়েছেন, যারা ডুবে মারা গেছে তাদের মধ্যে কমপক্ষে ২০ নারী এবং দুই শিশু রয়েছে।