ঘরের আঙিনায় মাটিচাপা নারীর লাশ, স্বামী আটক

মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে নিজ ঘরের আঙিনা থেকে মাটিচাপা দেয়া অবস্থায় সুচিত্রা শব্দকর (৪০) নামে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নারীর স্বামী সুবাস বাউরীকে (৪৮) আটক করেছে পুলিশ। ওই নারী পাত্রখোলা চা-বাগান বাজারে পরিচ্ছন্নতার কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাত্রখোলা চা বাগান বাজার এলাকা থেকে ১ মাস আগে সুচিত্রা শব্দকর নিখোঁজ হয়েছিলেন। দীর্ঘ এক মাস ৬ দিনেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় তার মেয়ে সিমা শব্দকর মা কোথায় ও কিভাবে নিখোঁজ হলো এ নিয়ে বাবা সুবাসকে জেরা শুরু করলে একপর্যায়ে সুবাস স্বীকার করেন, পারিবারিক কলহে রাগের মাথায় কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে সুচিত্রার মৃত্যু হয়েছিল। তখন তিনি সবার অজান্তে ঘরের আঙিনায় স্ত্রীর লাশ মাটিতে পুঁতে রাখেন।

এ স্বীকারোক্তির পর সুবাস পালাতে চাইলে এলাকাবাসী তাকে ধরে একটি গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে অবহিত করলে বুধবার বেলা একটায় লাশ উদ্ধার করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘নারীর লাশ উদ্ধার হয়েছে। স্বামী সুবাসকে আটক করা হয়েছে। তিনি তার স্ত্রীর সাথে বসে মদপান করার একপর্যায়ে রাগের মাথায় কুড়াল দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলেছে বলে স্বীকার করেছেন। পরে তিনি ঘরের আঙিনায় স্ত্রীর লাশ মাটিতে পুঁতে রাখে। এ ঘটনায় থানায় মামলা হবে।’