মাছ ধরতে গিয়ে ঢলের পানিতে ৩ যুবক নিখোঁজ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বুধবার সকালে ঢলের পানিতে ভেসে গিয়ে ৩ যুবক নিখোঁজ হয়েছে।

পাহাড়ি ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে তারা নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন- দরগাহপাড়ার শাহজাহান শাহ'র পুত্র ফারুখ (২৮), বাবুইয়্যা (২০) ও অপরজন শাহজাহান শাহ'র নাতি (নাম পাওয়া যায়নি) বয়স আনুমানিক ১৪) বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঈদগাঁ উপজেলার সদর ইউনিয়নের দরগাহপাড়া সড়কে নাশিখালের উপর নির্মানাধীন বীর মুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুর নিচে ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে ওই যুবকরা নিখোঁজ হয়।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের রেসকিউ টিমের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম জানান, নিখোঁজ যুবকরা ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের বাসিন্দা। ঢলের পানিতে মাছ শিকার করতে নেমে ওই ৩ যুবক নিখোঁজ হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের রামু স্টেশন অফিসার সৌমেন বিশ্বাস ঘটনাস্হল থেকে জানিয়েছেন তারা নিখোঁজ যুবকদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।