বিগো লাইভ ও এর আটক কর্মীদের ব্যাংক হিসাব তলব

লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ ‘বিগো লাইভ’-এর বাংলাদেশের কোম্পানি বিগো (বাংলা) লিমিটেড এবং প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রধান ইয়াওজিসহ আরও চারজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এসব ব্যাংক হিসাবের সার্বিক তথ্য জানতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব ব্যাংক হিসাবের সব তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠিতে জাতীয় পরিচয়পত্র ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। বুধবার বিএফআইইউ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া হিসাবগুলো আগামী ৩০ কার্যদিবস লেনদেন স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বিএফআইইউ। 

এর আগে গত জুন মাসে ইয়াওজিসহ পাঁচজনকে আটক করে সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ)। গ্রেপ্তারকৃতরা হলেন মোস্তাফা সাইফ রেজা, আরিফ হোসেন, এসএম নাজমুল হক, আসমা উল হুসনা সেঁজুতি। বিগো লাইভ-এর বাংলাদেশি প্রতিষ্ঠানসহ ওই পাঁচজনের ব্যাংক হিসাবের সব তথ্য চেয়ে গতকাল বুধবার ব্যাংকগুলোর কাছে চিঠি দেয় বিএফআইআই।

এর আগে সিআইডির পক্ষ থেকে জানানো হয়, লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ ‘বিগো লাইভ’-এর মাধ্যমে অবৈধভাবে দেশ থেকে প্রতি মাসে শতকোটি টাকা পাচার হচ্ছে। এই অ্যাপে প্রধানত টার্গেট করা হয় দেশের যুবসমাজ ও প্রবাসীদের। যারা কথিত ডায়মন্ডের বিনিময়ে নির্ধারিত তরুণীদের অশ্লীল লাইভ আড্ডায় যুক্ত হন। বাংলাদেশে অনেকেই এসব অ্যাপস ব্যবহার করার জন্য অনলাইন ব্যাংকিং, হুন্ডি, ভার্চুয়াল মুদ্রার (ক্রিপটোকারেন্সি) মাধ্যমে ডায়মন্ড কিনছে। আর সেসব ডায়মন্ড কেনার মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা।