বলিউডের তরুণ প্রজন্মের গ্ল্যামারাস নায়িকা কৃতি শ্যানন। ২০১৪ সালে অভিষেক সিনেমা ‘হিরোপান্তি’র জন্য পেয়েছিলেন সেরা নবাগতার ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কার। এরপর অভিনয়ের জন্য কোনো স্বীকৃতি জোটেনি তার কপালে। যদিও উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। ভালো গল্প ও চরিত্রেও কাজ করেছেন। কিন্তু একেবারও প্রথম সারিতে আসার মতো আলোচিত হয়নি অভিনয়গুলো। তবে তিনি যে প্রতিশ্রুতিশীল সেটার প্রমাণ দিতে বেশ কয়েক বছর লেগে গেল। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘মিমি’। আর তাতেই মুগ্ধ সবাই। দর্শকের পাশাপাশি সমালোচক ও তারকারাও তার অভিনয়ের এমন প্রশংসা করছেন প্রথমবার। আগামী ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল কৃতির সিনেমা ‘মিমি’। কিন্তু নির্ধারিত দিনের চার দিন আগেই ছবিটি মুক্তি পায়। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সোমবার কৃতির ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক লাইভে যুক্ত হন সিনেমাটির আরেক মুখ্য চরিত্র পঙ্কজ ত্রিপাঠি, পরিচালক লক্ষণ উটেকর এবং প্রযোজক দীনেশ বিজন। এই লাইভে প্রযোজক দীনেশ বিজন জানান, সিনেমাটির এই আগাম মুক্তি কৃতির জন্য জন্মদিনের উপহার। ২৭ জুলাই কৃতির জন্মদিন। তার এক দিন আগেই ২৬ জুলাই প্রযোজকের এই ঘোষণায় ব্যাপক উচ্ছ্বসিত অভিনেত্রী। বলেন, ‘এটি জন্মদিনের সেরা উপহার।’
রাজস্থানের এক রক্ষণশীল পরিবারের মেয়ে মিমি। আর ট্যাক্সি ড্রাইভার ভানুর চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। ভানুর প্ররোচনায় ও অর্থের লোভে বিদেশি এক দম্পতির সন্তানের সারোগেট মা হওয়ার সিদ্ধান্ত নেন কৃতি। সেই অনুযায়ী গর্ভে সন্তান ধারণ করেন। কিন্তু আচমকাই সেই দম্পতি সন্তান নিতে চান না। এই খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে মিমির। তবে সেই সন্তানকে গর্ভে হত্যা করতে রাজি নন তিনি। অথচ পরিবার ও সমাজের লাঞ্ছনা-গঞ্জনার ভয়ও আছে। এই দোলাচলের মাঝে নানা উৎকণ্ঠা ও অনিশ্চয়তা নিয়ে এগোতে থাকে গল্প। কৃতি শ্যানন ও পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মনোজ পাহওয়া, সুপ্রিয়া পাঠকসহ অনেকে।