রোমান সানা পারেননি। অলিম্পিক আর্চারির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের মূলপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠলেও নিজের ভুলে বিদায় নিতে হয় তাকে। আজ নারীদের একই ইভেন্টে তীরন্দাজিতে নামবেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী।
বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টায় শুরু প্রতিযোগিতায় দিয়ার প্রতিপক্ষ দিওমিনস্কায়া কারিনা। র্যাংকিং রাউন্ডে বেলারুশের এই আর্চার ৬৪২ স্কোর গড়ে ২৯তম হয়েছিলেন। আর ক্যারিয়ার সেরা ৬৩৫ স্কোর করে দিয়া হন ৩৬তম।
মে মাসে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত বিশ্বকাপ আর্চারির স্টেজ-২ এর রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনাল খেলেছেন তিনি। রোমান সানার সঙ্গে জুটি গড়ে দিয়া রুপা জিতে ইতিহাস গড়েছিলেন। এবার অবশ্য মঞ্চটা অনেক বড়। পদক জিততে হলে অসম্ভব কিছু করতে হবে। সেই আশা এত আগে না করাই ভালো। বরং আজ র্যাংকিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে জেতাটাই তার লক্ষ্য। বেলারুশের কারিনার আন্তর্জাতিক র্যাংকিংয়ে অবস্থান ৩১তম। দিয়া অবস্থান করছেন ১৫৫ নম্বরে। উঁচু র্যাংকধারী প্রতিপক্ষের সঙ্গে খেললেও দিয়াকে নিয়ে আশাবাদী জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। টোকিও থেকে তিনি বলেছেন, ‘দিয়ার চেয়ে র্যাংকিংয়ে সে এগিয়ে তবে দিয়া চমক দেওয়ার সামর্থ্য রাখে। সে খুব অল্প বয়সী। বয়সের তুলনায় তার মানসিক পরিপক্বতা অনেক ভালো। আশা করি দিয়া একটা জয় উপহার দিতে পারবে।’ কারিনাকে হারালে শেষ ১৬-তে দিয়ার প্রতিপক্ষ হবে আরেক বেলারুশীয় তীরন্দাজ।