পিএসসির পরীক্ষায় অংশ নিতে টিকা নেওয়ার পরামর্শ

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের টিকাগ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। টিকাগ্রহণের সার্টিফিকেট বা প্রমাণপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে। গতকাল বুধবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, ‘আমরা পরীক্ষার্থীদের টিকা নিতে উৎসাহিত করছি।’

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুন্ন রাখার স্বার্থে পিএসসির যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের করোনার টিকাগ্রহণ নিশ্চিতের পরামর্শ দেওয়া হলো। পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে করোনা টিকাগ্রহণ করতে হবে। এ ছাড়া টিকাগ্রহণের সনদ অথবা প্রমাণপত্র পরীক্ষার্থীদের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকাগ্রহণের জন্য সবাইকে অনুরোধ করেছে পিএসসি।