কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ান পুলিশ (এপিবিএন)।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উখিয়ার মধুরছড়া ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প নম্বর ৪, ব্লক এফ-১৬ এর আবুল কালাম মাঝির ঘরে অভিয়ান চালিয়ে ভাসানচরের ক্লাস্টার নম্বর ই-৭৫, ঘর ৫৬ থেকে পালিয়ে আসা মো. আমিনের ছেলে ফয়জুল ইসলাম (২৯), তার স্ত্রী মাজিদা বেগম (২৫), ছেলে ইয়াছির (৭), কায়সার (২), মেয়ে নুর ফাতেমা (৪) এবং মো. আমিনের ছেলে জাহিদ হোসেন (৩০), তার স্ত্রী আছমা খাতুন, ছেলে সৈয়দ হোসেন (৯), হামিদ হোসেন (২), মেয়ে আয়াছ ফাতিমাকে (৪) আটক করে।
জানা যায়, গত ৩০ এপ্রিল তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হতে ভাসানচরে যান। সেখানে সুচিকিৎসা না পাওয়া, রেশন খাদ্যদ্রব্যে মাছ-মাংস না দেওয়াসহ বিবিধ অভিযোগে বুধবার সন্ধ্যায় তারা ক্যাম্পে ফিরে আসেন।
এ ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক বলেন, ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ক্যাম্প-৪ এর সিআইসির মাধ্যমে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।