বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান লাগাতার বন্ধের ৫০০তম দিনে নিজ নিজ বিদ্যালয়ের সামনে অবস্থান করে পর্যায়ক্রমে স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের (শিশির) সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার সকালে শিশিরের আহ্বানে ও বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে কিন্ডারগার্টেনভুক্ত সব শিক্ষক তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের সম্পাদক আবদুস সোবহান বাচ্চু জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। লাগাতার বন্ধ থাকায় বিপন্ন হচ্ছে কয়েক লাখ শিক্ষার্থীর জীবন। এখনই ব্যবস্থা না নিলে এ শিক্ষার্থীদের জীবন অকালেই ঝরে পড়বে। আনোয়ার হোসেন নামে এক শিক্ষক জানান, বরিশাল বিভাগের ৫০০ কিন্ডারগার্টেনে ছয় হাজারের বেশি শিক্ষক ও চার হাজারের বেশি কর্মচারী এ আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন।