বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দেশের সব শিক্ষক-শিক্ষার্থীকে দেখানোর নির্দেশ দিয়েছে সরকার। গত বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা হয়েছে। বন্ধবন্ধুর আদর্শ ও দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মাউশির তরফ থেকে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সিনেবাজ লিমিটেডে’র ওয়েবসাইট (www.cinebaz.com) ও অ্যাপস (http://cutt.ly/7mHvCaq) টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি বিনামূল্যে দেশের সব শিক্ষক ও ছাত্রছাত্রীর দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। আদেশে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের চিঠিতে মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষর রয়েছে। বিস্তারিত জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।