করোনাসংকট মোকাবিলায় দেশজুড়ে চলমান ‘কঠোর বিধিনিষেধের’ মধ্যেই ভাইরাসটিতে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে ভাঙছে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড। মহামারী শুরুর দিকে শহরগুলোতে সংক্রমণ বেশি থাকলেও গ্রামাঞ্চলের পরিস্থিতিও এখন ভয়াবহ। ঢাকার বাইরের বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে করোনা রোগীদের চাপ ক্রমাগত বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমনকি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বড় অংশও গ্রাম থেকে আসা। এদিকে গ্রামাঞ্চলে সংক্রমণের পাশাপাশি উপসর্গ নিয়েও মৃত্যু বাড়ছে। তা ছাড়া গ্রামাঞ্চলের অনেক রোগীই করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় তাদের করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৫ জন। এর মধ্যে ১৯২ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭২ জন। এ ছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৫১ জন। রাজশাহী ছাড়াও অন্যান্য বিভাগের অবস্থাও ভয়াবহ। এর মধ্যে ঢাকা বিভাগের কুমিল্লায় এক দিনে রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত:
খুলনা বিভাগে এক দিনে ৪১ মৃত্যু : খুলনা বিভাগে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিভাগে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ১৯ জনের। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা জানায়, মৃতদের মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৫, কুষ্টিয়ায় ৯, ঝিনাইদহে ৫, যশোরে ৪, মেহেরপুরে ৩, নড়াইল ও মাগুরায় ২ জন করে এবং চুয়াডাঙ্গায় একজন রয়েছেন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯১ হাজার ৫৬৮ জন। মারা গেছেন ২ হাজার ৩৩৫ জন।
মমেক হাসপাতালে ১৬ মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। মমেকের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৫৩ জন এবং আইসিউতে ২০ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫৮ জন করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।
বরিশালে শনাক্ত ৬৫৬, মৃত্যু ২০ : বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষায় ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার হিসাবে যা ৩৮ দশমিক ৫৭ শতাংশ। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, মৃতদের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে হাসপাতালটিতে উপসর্গ নিয়ে মারা গেলেন ৭৬২ জন।
রামেকে এক দিনে ১৭ মৃত্যু : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল থেকে গতকাল সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ ও উপসর্গে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৪, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের ৩, নওগাঁর একজন, পাবনার ৫, কুষ্টিয়ার দুই ও বগুড়ার একজন রয়েছেন। রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।
সিলেটে ১২ জনের মৃত্যু : সিলেট বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সবশেষ গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে আরও ৬৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কভিড-১৯ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫২৪, সুনামগঞ্জে ৪৯, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৫৬ জন রয়েছেন।
কুমিল্লায় রেকর্ড ৯৬৪ শনাক্ত : কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড ৯৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার হিসাবে যা ৪০ দশমিক ১ শতাংশ। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯৯। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩২৮। গতকাল সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন করে মৃতদের মধ্যে বরুড়ায় ৩, সিটি করপোরেশন, চান্দিনা ও আদর্শ সদরে দুজন করে রয়েছেন। এদের মধ্যে ছয়জন নারী ও আটজন পুরুষ রয়েছেন।