দেশে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে আক্রান্ত হয়ে ১৯৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এক দিনে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এটাই সর্বোচ্চ সংখ্যা। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২। রাজধানী ঢাকায় ১৮১ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১৯ জন ভর্তি হয়েছেন।
রাজধানীর হাসপাতালে ভর্তি ১৮১ জনের মধ্যে সবচেয়ে বেশি মিটফোর্ড হাসপাতালে ৩৬, ঢাকা শিশু হাসপাতালে ৯, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫, সম্মিলিত সামরিক হাসপাতালে ১০, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপতালে ১৩, আদ-দীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন।
ঢাকার বাইরের ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গাজীপুরে ৬, কিশোরগঞ্জে ২, ময়মনসিংহে ১ ও যশোরে ৩ জন। এ ছাড়া ডেঙ্গু হেমোরাজিকে একজন ভর্তির খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত রাজধানীসহ সারা দেশে মোট ২ হাজার ২৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৪৬ জন।
এ বছর সর্বাধিক ১ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে শুধু জুলাই মাসেই, যা এ বছর মোট আক্রান্তের ৮৩ দশমিক ৭৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুই তাদের মৃত্যুর কারণ কি না, তা নিশ্চিতে তাদের তথ্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।
দেশে দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে। এর মধ্যে ২০১৯ সালে ঢাকায় ব্যাপকভাবে এ রোগ ছড়ায়। সে সময় সরকারি হিসাবে দেশে লাখের বেশি মানুষ আক্রান্ত ও দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।