করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজের চলমান ছুটি আরও এক মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি ছিল ৩১ জুলাই পর্যন্ত।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং কঠোর ‘লকডাউন’ কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় কভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে ছুটি বাড়ানো হয়েছে।
করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। দীর্ঘ ১৬ মাসের বেশি সময় ধরে ছুটি থাকায় দেশের প্রায় চার কোটি শিক্ষার্থী পড়াশোনা নিয়ে সমস্যা পড়েছে। তাদের পুরো শিক্ষাসূচি এলোমেলো হয়ে পড়েছে। করোনা মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা পরিকল্পনা করেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আর কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না।