সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা আফজাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে নিমাইকাশারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
র্যাবের মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনকালে দুষ্কৃতকারীরা সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে জনমনে ভীতি সঞ্চার এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব ও পুলিশ বাদী হয়ে পৃথক ছয়টি মামলা করে। আফজাল হোসেন মামলার অন্যতম আসামি। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।