চুরির অপবাদে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে শিহাব হোসেন (১০) নামে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাগাচারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার মূল অভিযুক্ত এক নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার শিশুর পরিবার ও মহাদেবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটোগ্যাস ফিলিং স্টেশন এলাকায় ঢোকে শিহাব। এ সময় মোবাইল চুরির অভিযোগ তুলে ওই ফিলিং স্টেশনের নৈশপ্রহরী বকুল হোসেন ও কয়েকজন নির্মাণশ্রমিক শিশুর হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর করেন। পরে হাত-পা বাঁধা অবস্থায় শিশুকে নৈশপ্রহরী বকুল তার কক্ষে আটকে রাখেন।

ঘটনা জানাজানি হলে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা এসে শিশুকে সেখান থেকে উদ্ধার করেন। লোকজন আসার আগেই নৈশপ্রহরী বকুল সেখান থেকে পালিয়ে যান।

শিহাবের বাবা খোরশেদ আলম বলেন, ‘আমার ছেলেকে হাত-পা বেঁধে মারধরের ঘটনার ভিডিও এলাকার বিভিন্ন মানুষের মুঠোফোনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখতে পেয়েছি, ছেলেকে হাত-পা বেঁধে কীভাবে মারধর করা হয়েছে। আমি এ নির্যাতনের বিচার চাই।’

মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, ‘এ ঘটনায় শিহাবের বাবা বাদী হয়ে মামলা করেছেন। বকুল হোসেনকে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’