শিল্পকারখানা খোলায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কর্মস্থলে ফেরা দক্ষিণবঙ্গের শ্রমজীবীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রবিবার সকাল থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে ফেরিতে যাত্রীর চাপ কিছুটা হলেও কমেছে। বর্তমানে নৌরুটে ১০টি ফেরি ও ৮৬টি লঞ্চ চলাচল করছে। তাছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চালু হওয়ায় যাত্রীদের রাজধানীর কর্মস্থলে পৌঁছতে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমান জানান, নৌরুটে ছোট বড় মিলিয়ে বর্তমানে ১০টি ফেরি সচল রয়েছে।
ফেরিতে শত শত যাত্রীরা আসছে। তবে লঞ্চ চালু হওয়ায় যাত্রী চাপ কমেছে অনেকটাই। শতাধিক ছোট-বড় গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায় তবে মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
বিআইডাব্লিউটিএ’র শিমুলিয়া লঞ্চঘাটের পরিদর্শক মো. সোলায়মান জানান, নৌরুটে লঞ্চ সচল আছে। দক্ষিণবঙ্গগামী যাত্রীর সংখ্যা কম। তবে ঢাকামুখী যাত্রীদের ঢল রয়েছে। স্বাস্থ্যবিধি মানতে যাত্রীদের উৎসাহিত করা হচ্ছে।