ইতিহাসে জায়গা করে নিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। রিও অলিম্পিকে রুপা জয়ী এই তারকা টোকিও জিতলেন ব্রোঞ্জ পদক। ভারতের প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে জোড়া অলিম্পিক পদক জয়ের কৃতিত্ব দেখালেন তিনি।
রবিবার ব্রোঞ্জ পদক নির্ধারণের ম্যাচে চীনের হি জিংবিয়াও-কে সরাসরি সেটে হারিয়ে দেন সিন্ধু। খেলার ফল ২১-১৩, ২১-১৫।
এর মধ্য দিয়ে চলতি অলিম্পিকে ভারতের পদক সংখ্যা দুইয়ে পৌঁছাল। ভারোত্তোলক মীরাবাঈ চানুর রুপার পর শাটলার পিভি সিন্ধুর ব্রোঞ্জ বিজয়ে আনন্দের জোয়ারে ভাসছে ভারতীয় ক্রীড়াঙ্গন।
দেশটির ইতিহাসে এ পর্যন্ত মোট ৬ জন নারী অলিম্পিকে পদক জিতেছেন। কিন্তু জোড়া পদক সিন্ধু ছাড়া আর কারো নেই।
প্রথম ভারতীয় নারী হিসেবে অলিম্পিক পদক জেতেন কর্নম মালেশ্বরী। ২০০০ সালের সিডনি অলিম্পিকে ভারোত্তলনে তিনি ব্রোঞ্জ জেতেন। এরপর কোনো ভারতীয় নারীর অলিম্পিক পদকের জন্য অপেক্ষা করতে হয় ১২ বছর।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্যাডমিন্টনে দেশকে ব্রোঞ্জ এনে দেন সাইনা নেহওয়াল। সেই বছরই মেয়েদের হাত ধরে আরো একটি ব্রোঞ্জ জেতে ভারত। বক্সিংয়ে মেরি কম সেই কৃতিত্ব দেখান।
চার বছর পরে ২০১৬ সালের রিও অলিম্পিকে ভারত যে দুটি পদক জিতেছিল, দুটিই এনে দিয়েছিলেন দুই নারী। প্রথম পদক আসে সাক্ষী মালিকের হাত ধরে। কুস্তিতে ব্রোঞ্জ জেতেন তিনি। দুই দিন পরে সিন্ধু রুপা জয় করেন।
এবারের আসরে মীরাবাঈ চানু ভারতকে প্রথম পদক উপহার দেন। যে তালিকায় এবার যোগ হলো সিন্ধুর নাম।