বাংলাদেশে বিনিয়োগ, বিশেষ করে সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানি এক্সনমোবিলের সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহি চৌধুরী।
গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এক্সনমোবিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তৌফিক-ই-এলাহি চৌধুরী এক্সনমোবিল কর্মকর্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন। গতকাল রবিবার বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উপদেষ্টা বাংলাদেশে জ¦ালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং এতে তাদের অবদানকে স্বাগত জানান। বাংলাদেশে নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদনে স্টোরেজ সুবিধা গড়ে তোলার ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন জ¦ালানি উৎসের সুষম ব্যবহার গুরুত্বপূর্ণ।
তিনি এক্সনমোবিলকে গভীর সমুদ্রে অনুসন্ধান ত্বরান্বিত করতে এবং সঞ্চলন লাইন এবং স্থলে অবকাঠামো সুবিধা নির্মাণে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশের বর্তমান উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় জ্বালানি চাহিদা নিশ্চিত করতে এক্সনমোবিলের কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং বাংলাদেশ দূতাবাস ও এক্সনমোবিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে তৌফিক-ই-এলাহি চৌধুরীর উপস্থিতিতে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোং লিমিটেড (এসওএসসিএল) ও কমনওয়েলথ এলএনজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।