সোহরাওয়ার্দী উদ্যানে তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রজ্বলিত দীপশিখা অনন্তকাল ধরে জ্বলবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রজ্বলিত স্বাধীনতার দীপশিখা অনন্তকাল ধরে জ্বলবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি জাতিসত্তার জাগরণ এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে।’

গতকাল রবিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাদদেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘শোকাবহ আগস্টের প্রথম দিবসে বঙ্গবন্ধু স্মরণে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে’ এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু, তার পরিবার, জাতীয় চার নেতা ও সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শিখা চিরন্তনের সামনে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বালন কর্মসূচিটি তাৎপর্যপূর্ণ। কারণ বঙ্গবন্ধুর হত্যাকান্ডের বিচার হয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে শুধু বঙ্গবন্ধুর হত্যাকা-ের বিচারই নয়, জিয়াউর রহমানসহ যারা সেই হত্যাকান্ডের পটভূমি রচনা করেছিল, যারা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচিত হওয়া। সেটি না হলে আমাদের ইতিহাস অসম্পন্ন হয়ে থাকবে, শত বছর পর নতুন প্রজন্ম সত্য জানতে পারবে না। সে কারণে একটি কমিশন গঠন করে পুরো ঘটনাপ্রবাহ জাতির সামনে উন্মোচন করা আজ আগস্টের প্রথম দিনে আমাদের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘জাতির আরও একটি প্রত্যাশা হচ্ছে, যারা স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছিল, যারা আমাদের স্বাধীনতা চায়নি এবং যারা ১৫ আগস্টের হত্যাকা-ের সঙ্গে যুক্ত ছিল, বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে এ প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, নাট্য অভিনেত্রী তারিন জাহান, সাংবাদিক লায়ন মুহা: মীযানুর রহমান প্রমুখ।

এর পরপরই সচিবালয়ে নিজ দপ্তর থেকে ন্যাপ ভাসানী দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় মওলানা ভাসানী এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন এঁকেছিলেন, সেই স্বপ্নকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বহুদূর এগিয়ে গেছে।’