অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু আজ

আজ থেকে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের সব জেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। সারা দেশে এ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে ৭ আগস্ট থেকে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক চিকিৎসক শামসুল হক এক অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।

নির্ধারিত সময়ে সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শামসুল হক বলেন, ‘সারা দেশে ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ টিকা এখনো পাননি। কোভ্যাক্সের আওতায়

জাপান থেকে এর মধ্যে ১০ লাখ ২৬ হাজারের বেশি টিকা এসেছে। ৩ আগস্ট আরও ছয় লাখ টিকা পৌঁছাবে। প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয়টিও একই কেন্দ্র থেকেই নিতে হবে। যারা ইতিমধ্যে দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পেয়েছেন, কিন্তু টিকা পাননি, তারা ওই আগের এসএমএস দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।’

তিনি বলেন, ‘যারা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজে কোনোভাবেই অন্য কোনো কোম্পানির টিকা নেবেন না। এতে ক্ষতি হতে পারে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হলে তা সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। যেভাবে বিভিন্ন কারখানার কর্মীরা ঢাকায় ফিরছেন, তাতে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। যারা সংক্রমিত নন, তারাও এমন পরিস্থিতিতে সংক্রমিত হতে পারেন।’

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকাদান শুরু হয়েছিল। সেরামে তৈরি কোভিশিল্ড টিকার সাড়ে ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে আর চালান আসেনি। এর বাইরে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ওই টিকার ৩২ লাখ ডোজ। এর মধ্যে বাংলাদেশ চীন থেকে টিকা কেনা শুরু করেছে। কোভ্যাক্সের আওতায় ফাইজার, মডার্নার কভিড টিকাও এসেছে। কিন্তু অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজ যারা নিতে পারেননি, তারা পড়েন বিপাকে। কারণ তাদের অন্য টিকাও দেওয়া যাচ্ছিল না।