ঈশিতা ও তার সহযোগীর ৩ দিন করে রিমান্ড

‘তরুণ চিকিৎসা বিজ্ঞানী’, ‘ডিপ্লোম্যাট’, ‘ব্রিগেডিয়ার জেনারেল’ পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিনারকে দুই মামলায় ছয়

দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম প্রতারণার ও মাদক আইনের দুই মামলায় তিন দিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতারণা মামলায় তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম চৌধুরী ও মাদক মামলায় একই থানার এসআই মাসুদ রানা পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই মামলায় দুজনের তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত রবিবার রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঈশিতা নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। মামলার তদন্ত কর্মকর্তারা জানান, ঈশিতা এমবিবিএস ছাড়া সব পরিচয়ই ভুয়া। কোনোদিন চিকিৎসক হিসেবে কোনো রোগী দেখেননি।

গ্রেপ্তারের সময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সনদ, ভুয়া প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ ও ব্রিগেডিয়ার জেনারেল পদের দুটি ইউনিফর্ম ও র‌্যাংক ব্যাচ উদ্ধার করে র‌্যাব।